Sunday, July 08, 2018

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা।
ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে হৃদয়।
এখন লিখতে চাইলেও এলোমেলো শব্দে ভরে ওঠে লিখার সাদা প্রান্তর।
কি করে যে কাটে সময়, সেটা শুধু সময়েই জানে... আমি শুধু নির্বাকক্ষণগুলো পাহারা দেই...

Wednesday, November 15, 2017


অনেক দিন আগে বাবাকে নিয়ে লিখা_____
সূর্যের গায়ে ভুল করে হেলান দিয়ে
মেঘের বরফ যখন গলে গলে বৃষ্টি হয়ে ঝরছিলো,
বজ্রপাতের রুপালী ঝিলিক যখন চিরে দিচ্ছিলো
আদিগন্ত আকাশের শামিয়ানা...
তুমি তখন বুকের উষ্ণতায় মুখলুকিয়ে ছিলে।
আন্দামানে সৃষ্ট ভূকম্পন যখন মহাদেশ পেরিয়ে এসে
ওলট পালট করে দিচ্ছিলো ইট পাথরের খাঁচা গুলো
সবাই যখন ব্যতিব্যস্ত নিজেকে নিয়ে,
তুমি তখন বুকের নিরাপত্তায় থরথর করে কাঁপছিলে।
মাঝরাতে স্বপ্ন-দুঃস্বপ্ন গুলো যখন স্বপ্নের গ্রামার না মেনে
সেকেন্ডে অতিক্রম করছিলো মহাকাল...
অন্ধকারেও সুনিপুন ভাবে কি করে যেন
সেই বুকেই খুঁজে নাও নির্ভরতা...
সে বুক নূহের নৌকার চেয়েও বড়
ইস্রাফিলের শিংগায় ও নিস্কম্প
অকৃপণ ভালোবাসা ভরা সে বুক
'বাবার বুক' বলে কথা......!!!!
("ভালোবাসি" বলে কি করে বাবাকে ছোট করি? বাবা তো ভালোবাসার চেয়েও বড়...)----------------------//আকাশ//১৫ নভেম্বর ২০১৬

Saturday, March 18, 2017

Dream for Money. Money!! the second GOD!!



সখের অন্ধ?______________

পথ চলতে হাত বাড়িয়ে দিই
ঘুমের ঘোরেও হাত বাড়িয়ে দিই,
বুঝেও হাত বাড়িয়ে দিই
না বুঝেও হাত বাড়িয়ে দিই-
শুধু তোমাকে ছোঁয়ার জন্য।

ব্যাংকের ভল্টেও হাত দিচ্ছি
ভিখারির থালাতেও হাত দিচ্ছি,
চাকুরের পকেটে হাত দিচ্ছি
হাটুরের থলেতেও হাত দিচ্ছি-
শুধু তোমাকে একটু ছোঁয়ার জন্য।

আহা রে আহা!! কি ব্যাকুলতা
শুধু তোমার জন্যই ছুটোছুটি
সুখ? সম্পদ? কা’কে ছোবো?
সুখান্ধ? না কি সখের অন্ধ হবো?
------------------- আকাশ/১৮ মার্চ ‘১৭

Thursday, March 16, 2017

Politics vs love. It's simple to forget you, but difficult to forget myself.



    আরশি_____😞
রাজনীতির হাত ধরে যেমন দূর্ণীতি আসে
 বসন্তের হাত ধরে যেমন “ফ্লু” আসে
  তেমনি করে তোমার হাত ধরে-...
   তেমনি করে তোমার হাত ধরে
    জীবন্মৃতের বীজ ও এসেছিলো
     যা রোপিত হয়েছে অন্তরে...

ঘুমের হাত ধরে যেমন স্বপ্ন আসে
 মেঘের হাত ধরে বৃষ্টি...
  তোমার হাত ধরে অ-বেলা এসে
   খরা করেছে সৃষ্টি,

চরম খেয়ালীতে পাথর হৃদয়
 খুব কষ্টে চোখ রাখে আরশিতে
  কষ্টের হাসি হেসে অপলক
   তাকিয়ে থাকে তোমাতে...
-------------------আকাশ/১৬ মার্চ'১৭

Tuesday, March 14, 2017

GOD!! The real Cinema/movie Maker.

বিধাতার বায়োস্কোপ_______

ধুসর সময়, রংচটা ডায়েরী
ফিকে হয়ে আসা গল্প
স্বপ্নালু চোখ নিষ্পলক.....
     ধুলোপড়া স্মৃতিরা ফিরে ফিরে আসে
     যত্ন করে ভুলে যাওয়া মুখ-
     চকিতে উঁকি দেয়, থমকে থামি...
    মনের এ-গলি ও-গলি খুঁজে ফিরি
    সময়ের ব্যাকরণ না মানা ক্ষণগুলো,
    দিগন্ত ছোবো বলে ছুটেছিলাম-
    মানবিক বিশ্বাসের হাত ধরে......
মুখ টিপে হাসে আড়ালে
বায়োস্কোপ ওয়ালা বিধাতা,
সাদাকালো সময়ের সাক্ষী ডায়েরী
মলাটবদ্ধ কারাগারে মাথাকুটে মরে।।।
_________________©আকাশ/১৩ মার্চ ২০১৭

Monday, January 16, 2017

 সময়ের হাত_____


ক্লেদাক্ত পথে নাঙ্গা পায়ে
অতি পরিচিত পথটাও অচেনা,
মাধ্যাকর্ষণ সূত্রের বিপরীত প্রয়োগের আপ্রাণ চেষ্টা,
পাছে কিলবিল করে ওঠে কেঁচো কিংবা সময় পায়ের নীচে।

স্বার্থের দ্বন্ধে
অতি প্রিয় হাত ও অচেনা হয়ে ওঠে,
"আমরা" কে শুধুই "আমি" তে পরিবর্তন
বিবেক হার মানে অবলীলায়।

বিশেষণে বিশেষণে স্বকীয়তা হারানো
নির্মোহ প্রেম মুখ লুকিয়ে রাখে,
সময়-অসময়ের দোটানায়
ধর্ষিত অতীত- শুধু অতীত হয়েই থাকে...
--------------------------@আকাশ // ০৩ মাঘ ১৪২৩

Saturday, January 07, 2017

নির্বাসিত প্রেম_____


এ' একলা আমি
তুমিও কি আজ একলা-
মনের আঙ্গিনায় ছায়া খেলে
এবেলা কি ওই ও বেলা?
                                    মনের ঘর জুড়ে স্বপ্ন
                                    স্বপ্ন মেঘে ভেসে যায়
                                    মেঘ গুলো কেন ঝরে পড়েনা
                                    হারিয়ে যায় নীলিমায়?
নিরবধি নদী ছুটে চলে
মোহনায় হয়না বিলীন,
সাগর যদি তাকে না-ই ডাকে
থাকে কি প্রেম অমলিন?
                                    মনের ঘর জুড়ে স্বপ্ন
                                    স্বপ্ন মেঘে ভেসে যায়
                                    মেঘ গুলো কেন ঝরে পড়েনা
                                    হারিয়ে যায় নীলিমায়?
শিহরণে যদি (তার) হিয়া দোলে
প্রজাপতি নীল প্রেম
অনলে ভালোবেসে অবলিলায়
পুড়ে খাটি হয় হেম।
                        মনের ঘর জুড়ে স্বপ্ন
                           স্বপ্ন মেঘে ভেসে যায়
                               মেঘ গুলো কেন ঝরে পড়েনা
                                   হারিয়ে যায় নীলিমায়?
                                           © ======আকাশ/ ৩০ নভেম্বর ২০১৪
===========***********************============

তুমি_____________

চোরকাঁটা ভালোবাসা হৃদয় আঁচলে
    বুনে দিয়ে চুপিসারে তুমি সরে দাঁড়ালে
        ছিলো কি তোমার মনে জানা হলো না-
                           জোয়ারের চোরাটানে ভাসালেই যদি-
                           না বলা কথা কেনো বলে গেলেনা?
মরুময় হৃদয় আজ ছায়া খুঁজে ফিরে
   আলেয়ার মায়াজালে সে থাকে দূরে
       বাড়ানো বাহুডোরে কেনো ধরা দিলেনা-
                              জোয়ারের চোরাটানে ভাসালেই যদি-
                              না বলা কথা কেনো বলে গেলেনা?
খেয়ালী খেলায় সেই হারানো সময়
   বার বার পিছু ডাকে স্মৃতি মোহময়
       স্মৃতির মতো করে কেনো ফিরে এলেনা-
                               জোয়ারের চোরাটানে ভাসালেই যদি-
                               না বলা কথা কেনো বলে গেলেনা?
------------------ © আকাশ/২৩ নভেম্বর ২০১৪
********************************************* 
"ভালোবাসাকে কখনো বনসাই এর মতো ছেটে ছোট করে রাখতে নেই,
কখনো ইকেবানা'র মতো শুকিয়ে রং লাগিয়ে সাজিয়ে রাখতে নেই,
মানি প্ল্যান্টের মতো করে বাড়তে দাও..."...........//আকাশ//

****************************************************


সময়ের দাঁড়িপাল্লা আর সময়ের বাটখারায়
সময় মেপে মেপে ফেরিওয়ালা ক্লান্ত ভীষন,
রঙ্গীন আর রঙহীন সময়ের ক্রেতাদের
ভিড়ে ওলট-পালট হিসাবের খেরোখাতা।
ক্লেদাক্ত পথে পায়ের ছাপ রেখে চলে যায় সময়
ক্রেতা কিংবা ফেরিওয়ালা অযত্নে পরে রয়...


***************************************

ধূসর সময়___ :( :( :(

মানচিত্রের জলশুণ্য নদীর মতো
আমার শরীরের শিরা-উপশিরা রক্তহীন,
অচেনা কোন রক্তচোষা প্রাণী
নিজের প্রাণ রক্ষার্থে শুষে নিয়েছে সবটুকু রক্ত।

সীমান্তের প্রহরীর মতো
আমার আজন্ম প্রিয় দু’চোখ ঘুমহীন,
সুনিপুন দক্ষতায় কোন কারিগর
নিজের চোখের তারায় হরণ করেছে সবটুকু ঘুম।
চিত্রপটে আঁকা শিল্পের মতো
আমার ঠোঁটগুলো নিস্প্রভ ভাষাহীন,
যাদুর ছোঁয়ায় কোন এক জাদুকর
মন্ত্রমুগ্ধ করে রেখে আমায় কেড়ে নিয়েছে ভাষা।
টগবগে জীবনের গান গাওয়া
আজীবন ডানপিটে এই আমি
সময়ের বিষনীলে আজ এক
চলৎশক্তিহীন এক মমি...
_______________আকাশ/ ১৬ জুলাই ২০১৬

-------------------------------

 ইচ্ছেগুলো এমন কেনো?__


ইচ্ছে ছিলো ঘেসো মাঠে বৃষ্টি জলে পা ডুবিয়ে
ছলাৎ ছলাৎ শব্দ তুলে পিছু নেবো,
ইচ্ছে ছিলো রংধনু টা উল্ঠো করে
নাও বানিয়ে, বানের জলে ভাসিয়ে দেবো
ইচ্ছে ছিলো মাছরাঙ্গাটার ঠোটের লালে
তোমার ওঠোট রাঙ্গিয়ে দেবো
ইচ্ছে ছিলো, ইচ্ছে গুলো জড়ো করে
আকাশ জোড়া রং-তুলিতে ভরিয়ে দেবো...
ইচ্ছে গুলো এমন কেনো?
বুকের ভেতর লুকিয়ে থাকে
এইয়ে তুমি যেমন করে
বুকের ঘরে চুপটি করে......
--------------------------------------আকাশ/১১জুলাই২০১৬
 

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...